এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

গোটাটিকর পাসপোর্ট অফিসের কাছে সুরমা নদীতে ৯ পাথর বোঝাই নৌকা আটক

Daily Jugabheri
প্রকাশিত 18 June, Wednesday, 2025
গোটাটিকর পাসপোর্ট অফিসের কাছে সুরমা নদীতে ৯ পাথর বোঝাই নৌকা আটক

যুগভেরী ডেস্ক ::: আটককারীরা অভিযোগ করেন, নৌকাগুলোতে লোভাছড়া কোয়ারি থেকে লুট করা পাথর পাচার করা হচ্ছিল। নিলামগ্রহীতার দাবী পাথরগুলো নিয়মিত নিলামের মাধ্যমে ক্রয়কৃত,সব বৈধ কাগজপত্র রয়েছে। সিলেটের লোভাছড়া পাথর কোয়ারি থেকে নিলামকৃত পাথর পরিবহনের সময় সুরমা নদী থেকে ৯টি পাথরবোঝাই স্টিলবডি নৌকা আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা। ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৭ জুন) গভীর রাতে, দক্ষিণ সুরমার গোটাটিকরস্থ পাসপোর্ট অফিসের কাছে। আটককারীরা অভিযোগ করেন, নৌকাগুলোতে লোভাছড়া কোয়ারি থেকে লুট করা পাথর পাচার করা হচ্ছিল। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মো. সজিব খান। স্থানীয় সূত্রে জানা যায়, কানাইঘাটের লোভাছড়া এলাকা থেকে বিপুল পরিমাণ পাথর পরিবহনের উদ্দেশ্যে ৯টি স্টিলবডি নৌকায় করে সুরমা নদী দিয়ে গোটাটিকর এলাকায় প্রবেশ করে একটি চক্র। সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে স্থানীয়রা নৌকাগুলো নদীর তীরে নোঙর করে থানায় খবর দেন। মোগলাবাজার থানার পুলিশ গিয়ে পাথরসহ নৌকাগুলো জব্দ করে। মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি)  বলেন,‘স্থানীয় জনগণ পাথরবোঝাই কয়েকটি নৌকা আটক করে আমাদের কাছে সোপর্দ করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং যারা নৌকা আটক করেছেন তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন।’ এদিকে, লোভাছড়া পাথর কোয়ারির নিলামগ্রহীতা প্রতিষ্ঠান ‘পিয়াস এন্টারপ্রাইজ’-এর মালিক কামরুল হাসান দাবি করেছেন,‘আটক করা পাথরগুলো নিয়মিত নিলামের মাধ্যমে ক্রয়কৃত, এবং এসব পাথরের সব বৈধ কাগজপত্র রয়েছে। আমি বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করছি।’ ঘটনাটিকে কেন্দ্র করে স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসন বলছে, পাথরের বৈধতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তথ্য সূত্র : ইমজা নিউজ

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
18 June 2025

গোটাটিকর পাসপোর্ট অফিসের কাছে সুরমা নদীতে ৯ পাথর বোঝাই নৌকা আটক

বিস্তারিত কমেন্টে