এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

গোয়াইনঘাটে ৩২ বছরের শিক্ষকতা শেষে অধ্যক্ষ আব্দুছ শহীদের রাজকীয় বিদায়

Daily Jugabheri
প্রকাশিত time ago 15 hours
গোয়াইনঘাটে ৩২ বছরের শিক্ষকতা শেষে অধ্যক্ষ আব্দুছ শহীদের রাজকীয় বিদায়

নিজস্ব সংবাদদাতা, গোয়াইনঘাট ::: ৩২ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুছ শহীদ। দীর্ঘ কর্মজীবনের অবদান ও শিক্ষার্থীদের জীবন গঠনে ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাঁকে দেওয়া হয়েছে বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে প্রাক্তন শিক্ষার্থী ও গভর্নিং বডির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন পরিচালনা কমিটির সভাপতি মনজুর আহমদ।

সংবর্ধনা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক কাজী সিরাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা, সিলেট অঞ্চলের উপপরিচালক ড. মোহাম্মদ আব্দুল কাদির। অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব আবুল কালাম আজাদ এবং যুগ্ম আহ্বায়ক আমির উদ্দিন ও জুবের আহমদ।

বক্তারা বলেন, ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে অধ্যক্ষ আব্দুছ শহীদের দীর্ঘ কর্মজীবন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাঁর নিষ্ঠা, অভিজ্ঞতা ও শিক্ষার্থীদের প্রতি দায়িত্ববোধ আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দক্ষিণ সুরমা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান মো. আতাউর রহমান। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সাবেক শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন।

বিদায়ী বক্তব্যে অধ্যক্ষ আব্দুছ শহীদ কর্মজীবনের স্মৃতিচারণ করেন এবং সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানের শেষপর্বে তাঁকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়। দীর্ঘ ৩২ বছরের শিক্ষকতা জীবনের আনুষ্ঠানিক সমাপ্তি হলেও তাঁর শিক্ষা, আদর্শ ও শিক্ষার্থীদের জীবনে রেখে যাওয়া অবদান আগামী দিনেও স্মরণীয় হয়ে থাকবে-এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
31 October 2026

গোয়াইনঘাটে ৩২ বছরের শিক্ষকতা শেষে অধ্যক্ষ আব্দুছ শহীদের রাজকীয় বিদায়

বিস্তারিত কমেন্টে