এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

গোয়াইনঘাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: পরীক্ষা শেষে ঘুরতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের, মৃত্যুর সঙ্গে লড়ছে আরও দুই বন্ধু

Daily Jugabheri
প্রকাশিত 05 July, Sunday, 2026
গোয়াইনঘাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: পরীক্ষা শেষে ঘুরতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের, মৃত্যুর সঙ্গে লড়ছে আরও দুই বন্ধু

নিজস্ব সংবাদদাতা, গোয়াইনঘাট ::: পরীক্ষা শেষে বন্ধুদের সঙ্গে একটু আনন্দ-ভ্রমণে বের হয়েছিল তিন কিশোর। কিন্তু সেই আনন্দযাত্রাই মুহূর্তের মধ্যে পরিণত হলো শোকের মাতমে। মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ভয়াবহ সংঘর্ষে প্রাণ হারিয়েছে এক স্কুলছাত্র, আর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তার আরও দুই সহপাঠী।

রোববার (৫ জুলাই) দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিটে সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাধানগর-বাউরভাগ চা বাগান সড়কে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম সাকিব আহমদ (১৬)। তিনি উপজেলার নয়াবস্তি গ্রামের মহরম মিয়ার ছেলে। গুরুতর আহত দুই শিক্ষার্থী হলেন রায়হান আহমেদ ওরফে রাহুল (১৬), ছৈলাখেল গ্রামের হাবিবুর রহমান (হবি) মিয়ার ছেলে এবং জয় (১৬), লাখেরপাড় গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে। তারা তিনজনই অষ্টম শ্রেণির শিক্ষার্থী ও ঘনিষ্ঠ বন্ধু।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চলমান অষ্টম শ্রেণির পরীক্ষা শেষে তিন বন্ধু একটি পালসার মোটরসাইকেল নিয়ে জাফলং চা বাগান এলাকায় ঘুরতে যায়। পরে রাধানগর বাজারের দিকে যাওয়ার পথে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়।

সংঘর্ষের শব্দে স্থানীয় লোকজন ছুটে এসে তিনজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হলে সাকিব আহমদ ঘটনাস্থলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। অপর দুই শিক্ষার্থীকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট কুইন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন বলে জানা গেছে।

একটি সাধারণ ভ্রমণ মুহূর্তেই পরিণত হয়েছে তিনটি পরিবারের সীমাহীন কান্নায়। সাকিবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো নয়াবস্তি গ্রাম।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে এবং আরও দুইজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি আইনগতভাবে প্রয়োজনীয় প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
05 July 2026

গোয়াইনঘাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: পরীক্ষা শেষে ঘুরতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের, মৃত্যুর সঙ্গে লড়ছে আরও দুই বন্ধু

বিস্তারিত কমেন্টে