এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

……………………………

সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস ও পিকআপের সংঘর্ষে চালক নিহত,আহত অন্তত ৮ জন

Daily Jugabheri
প্রকাশিত ১৭ জানুয়ারি, শনিবার, ২০২৬
সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস ও পিকআপের সংঘর্ষে চালক নিহত,আহত অন্তত ৮ জন

যুগভেরী ডেস্ক ::: সুনামগঞ্জ–সিলেট আঞ্চলিক মহাসড়কে এনা পরিবহণের একটি যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে রাকিব হোসেন (৩০) নামে এক পিকআপচালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৮ জন। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৭টার দিকে ছাতক উপজেলার সৈদেরগাঁও ইউনিয়নের বুড়াইরগাঁও-আলমপুর সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিব হোসেন যশোরের মনিরামপুর উপজেলার বেগারিতলা বাজার এলাকার লেয়াকত হোসেনের ছেলে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পিকআপটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং এনা পরিবহণের বাসটি সড়কের পাশের একটি ছোট খালে পড়ে উল্টে যায়। দুর্ঘটনার পর গাড়ি দুটি হাইওয়ে পুলিশ জব্দ করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে সুনামগঞ্জগামী এনা পরিবহণের এসি বাসের সঙ্গে পিকআপ ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপচালক রাকিব ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় বাস ও পিকআপের অন্তত ৯ থেকে ১০ জন যাত্রী গুরুতরভাবে আহত হন। গুরুতর আহত দুইজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে এনা বাসের চালকও রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন। এ খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেয়।

জয়কলস হাইওয়ে থানার ওসি সুমন কুমার চৌধুরী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছাতকের বুড়াইরগাঁও এলাকায় একটি পিকআপ ভ্যান ও এনা পরিবহণের বাসের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক ঘটনাস্থলেই নিহত হন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন