এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

……………………………

সুমুদ ফ্লোটিলা আটকের কড়া নিন্দা জানাল বাংলাদেশ

Daily Jugabheri
প্রকাশিত ০৩ অক্টোবর, শুক্রবার, ২০২৫
সুমুদ ফ্লোটিলা আটকের কড়া নিন্দা জানাল বাংলাদেশ

যুগভেরী ডেস্ক ::: গাজার ওপর অব্যাহত অবরোধ ও মানবিক সংকটের মধ্যে আন্তর্জাতিক মানবিক সহায়তা বহনকারী ‘সুমুদ ফ্লোটিলা’ নৌবহরের ৪১টি নৌযান আটক করেছে ইসরায়েলি বাহিনী। এ ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সরকার।

শুক্রবার (৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক জলসীমায় মানবিক সহায়তা বহনকারী নৌযান আটক করা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। এটি ‘ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করার নগ্ন দৃষ্টান্ত’ হিসেবে আখ্যায়িত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, নৌবাহরটি বিশ্বব্যাপী ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতির প্রতীক। কিন্তু ইসরায়েল এখনও গাজার সাধারণ মানুষকে জীবন, মর্যাদা ও জীবিকার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করছে। বাংলাদেশ সরকার অবিলম্বে আটককৃত নৌযান ও কর্মীদের নিঃশর্ত মুক্তি, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার দাবি জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, বাংলাদেশ ইসরায়েলের প্রতি পশ্চিম তীর ও গাজার অবৈধ দখলদারিত্বের অবসান, আন্তর্জাতিক মানবিক আইন অনুসরণ এবং গাজায় চলমান গণহত্যামূলক যুদ্ধ ও মানবিক অবরোধ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানাচ্ছে। পাশাপাশি বাংলাদেশের জনগণ ফিলিস্তিনি ভাই-বোনদের প্রতি তাদের সংহতি পুনর্ব্যক্ত করছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন