এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

প্রবাসীদের পাসপোর্ট-এনআইডি সেবা সহজ করতে সরকারের নতুন উদ্যোগ-পররাষ্ট্রমন্ত্রী

Daily Jugabheri
প্রকাশিত time ago 9 hours
প্রবাসীদের পাসপোর্ট-এনআইডি সেবা সহজ করতে সরকারের নতুন উদ্যোগ-পররাষ্ট্রমন্ত্রী

যুগভেরী ডেস্ক ::: প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা আরও দ্রুত ও সহজ করতে প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিকের উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের পাসপোর্ট ও এনআইডি সংক্রান্ত সেবায় স্বচ্ছতা, গতি ও হয়রানি কমানোর বিষয়টিকে সরকার গুরুত্ব দিচ্ছে। বর্তমানে যেসব বাংলাদেশি মিশনে ই-পাসপোর্ট কার্যক্রম চালু রয়েছে, সেখানে অনলাইনে আবেদন করার পাশাপাশি সুবিধাজনক সময়ে বায়োমেট্রিক তথ্য দেওয়ার সুযোগ রয়েছে। আবেদনের অগ্রগতিও অনলাইনে জানা যায়।

তিনি জানান, দূতাবাস বা মিশন পাসপোর্টের আবেদন গ্রহণ করলেও পাসপোর্ট প্রস্তুত ও ইস্যু করা হয় ঢাকার ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর থেকে। দ্রুত পাসপোর্ট সরবরাহ নিশ্চিত করতে বিদেশি মিশনগুলো অধিদফতরের সাথে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় করে। পাসপোর্ট প্রস্তুত হয়ে গেলে আবেদনকারীকে এসএমএস বা ই-মেইলের মাধ্যমে জানানো হয়।

এনআইডি সেবার বিষয়ে মন্ত্রী জানান, বর্তমানে ১৭টি দেশে থাকা ২৭টি বাংলাদেশি মিশনের মাধ্যমে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার কার্যক্রম চালু হয়েছে। মিশনগুলো আবেদন গ্রহণ করলেও এনআইডি ইস্যু করে নির্বাচন কমিশন।

পর্যায়ক্রমে মোট ৪১টি দেশে প্রবাসীদের ভোটার নিবন্ধন ও এনআইডি সেবা চালুর লক্ষ্যে নির্বাচন কমিশনের সাথে সমন্বয় করে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেও জানান তিনি।

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে থাকা প্রবাসীদের পাসপোর্ট-সংক্রান্ত জটিলতা নিরসনে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে দ্রুত সমস্যা সমাধানে বিশেষ কর্মসূচি বা ক্র্যাশ প্রোগ্রামের আওতায় ঢাকা থেকে কারিগরি দক্ষতাসম্পন্ন টিম ওই দুই দেশে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

কনস্যুলার সেবা আরও সহজ করতে অনলাইন সত্যায়ন ও ই-অ্যাপোস্টিল ব্যবস্থাও চালু করা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। এর মাধ্যমে সেবাগ্রহীতারা ঘরে বসেই অনলাইনে আবেদন করে ডিজিটাল সনদ নিতে পারছেন। এতে সময় ও খরচ কমার পাশাপাশি ভোগান্তিও হ্রাস পাচ্ছে।

২০২৬-২৭ অর্থবছরের কর্মপরিকল্পনার অংশ হিসেবে পাসপোর্ট, ভিসা এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদের তথ্য যাচাইয়ের প্রক্রিয়া সহজ করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে একটি অনলাইন প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া প্রতিটি বাংলাদেশি মিশনে অনলাইন ‘গ্রিভ্যান্স রিড্রেস সিস্টেম’ চালু রয়েছে। অভিযোগ দ্রুত নিষ্পত্তি, সেবাগ্রহীতাদের প্রশ্নের উত্তর দেওয়া এবং অভিযোগ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কার্যক্রম শক্তিশালী করার পরিকল্পনাও রয়েছে বলে সংসদে জানান পররাষ্ট্রমন্ত্রী।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
11 September 2026

প্রবাসীদের পাসপোর্ট-এনআইডি সেবা সহজ করতে সরকারের নতুন উদ্যোগ-পররাষ্ট্রমন্ত্রী

বিস্তারিত কমেন্টে