এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

……………………………

সিলেটে প্রতিপক্ষের হামলায় যুবদলকর্মী নিহত

Daily Jugabheri
প্রকাশিত ২৬ নভেম্বর, মঙ্গলবার, ২০২৪
সিলেটে প্রতিপক্ষের হামলায় যুবদলকর্মী নিহত

যুগভেরী ডেস্ক ::: সিলেটে নিজ সংগঠনের প্রতিপক্ষের হামলায় বিলাল আহমদ মুন্সী (৩৫) নামে এক যুবদলকর্মী নিহত হয়েছেন। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সিলেট নগরের শাহপরান বাহুবল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বিলাল সিসিকের ৩৪ নম্বর ওয়ার্ডের খাদিম বহর আবাসিক এলাকার জহুরুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন রংমিস্ত্রি। ওয়ার্ড যুবদলের কর্মী বিলাল।

জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিলালের সঙ্গে স্থানীয় যুবদলের কয়েকজন নেতাকর্মীর বিরোধ ছিল। কয়েক দিন ধরে এ নিয়ে উত্তেজনা চলছিল। সোমবার রাতে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়।
এ সময় প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র হাতে বিলালকে আঘাত করে। সংঘর্ষের পর গুরুতর আহত বিলালকে উদ্ধার করে এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে সিলেট মহানগরের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘বিলাল হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ। হত্যার পেছনের কারণও অনুসন্ধান করা হচ্ছে।

এদিকে স্থানীয় যুবদলের একটি সূত্র জানিয়েছে, আধিপত্য বিস্তার করতে গিয়ে যুবদলের অভ্যন্তরীণ কোন্দলে বিলাল খুন হয়েছেন। কয়েক দিন ধরে স্থানীয় যুবদল-ছাত্রদলের দুটি পক্ষ এখানে সক্রিয় ছিল। এই দুই পক্ষের মধ্যে পূর্ববিরোধও ছিল।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন