এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সিলেটবাসীকে ৩ সুখবর দিলেন মন্ত্রী মুক্তাদির

Daily Jugabheri
প্রকাশিত time ago 6 hours
সিলেটবাসীকে ৩ সুখবর দিলেন মন্ত্রী মুক্তাদির

যুগভেরী ডেস্ক ::: সিলেট বিভাগের যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নে একগুচ্ছ দারুণ সুখবর নিয়ে এসেছেন সিলেট-১ (মহানগর ও সদর) আসনের সংসদ সদস্য ও বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সম্প্রতি সিলেটবাসীর উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি গ্রামীণ সড়ক উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদন, সুরমা নদীর ওপর নতুন সেতু নির্মাণ এবং আগামী ফেব্রুয়ারির মধ্যেই ঢাকা-সিলেট রুটে নতুন ট্রেন চালুর ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন।

ভিডিও বার্তায় বাণিজ্যমন্ত্রী জানান, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট বিভাগের গ্রামীণ রাস্তাঘাট উন্নয়নের জন্য ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্পের সদয় অনুমোদন দিয়েছেন। এই প্রকল্প বাস্তবায়িত হলে সিলেট বিভাগের গ্রামীণ সড়ক ও অবকাঠামোগত দীর্ঘদিনের পিছিয়ে থাকা অবস্থার তাৎপর্যপূর্ণ উন্নতি ঘটবে। পাশাপাশি এই বিভাগের সব সংসদ সদস্যের দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতিও পূরণ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

একই বার্তায় সিলেট-১ নির্বাচনী এলাকার বাসিন্দাদের জন্য বিশেষ সুখবর দিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির জানান, সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে আরেকটি প্রকল্পের আওতায় সুরমা নদীর ওপর ‘ধনপুর ব্রিজ’ নামে একটি নতুন সেতু নির্মিত হতে যাচ্ছে। এই সেতুটি নির্মিত হলে স্থানীয় জনগণের যাতায়াত ও ব্যবসা-বাণিজ্যে নতুন গতির সঞ্চার হবে।

এছাড়া সিলেট বিভাগের রেল যোগাযোগ আধুনিকায়নের বিষয়ে মন্ত্রী বলেন, রেল মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রীর সঙ্গে তাঁর ফলপ্রসূ আলোচনা হয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই সিলেট-ঢাকা রুটে একটি নতুন ট্রেন যাত্রা শুরু করবে।

বক্তব্যের শেষে তিনি এই সমস্ত উন্নয়ন কর্মকাণ্ড দ্রুত ও সফলভাবে বাস্তবায়নে সিলেটবাসীসহ সকলের আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ বুধবার সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে একনেকের এই গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয় এবং দুপুর সোয়া ১টায় তা শেষ হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এই তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
18 November 2026

সিলেটবাসীকে ৩ সুখবর দিলেন মন্ত্রী মুক্তাদির

বিস্তারিত কমেন্টে