
যুগভেরী ডেস্ক ::: ইজি বাইক ভর্তি করে মাদকের চালান নিয়ে যাচ্ছিলেন বিষ্ণু চন্দ্র কর (৩৩)। তবে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের সিগন্যাল অমান্য করে দৌড়ে পালানোর সময় ধরা পড়তে হয় তাকে। সঙ্গে জব্দ করা হয়েছে গাঁজার বড় চালান।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিষয়টি জানিয়েছে এসআরবির গণমাধ্যম শাখা। তারা জানায়, সোমবার রাত ১০টার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ পাকা রাস্তায় চেকপোস্ট বসিয়ে তাকে আটক ও মাদকের চালান জব্দ করা হয়।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বাংলাদেশ পুলিশের একটি বিশেষায়িত বাহিনী হিসেবে জননিরাপত্তা নিশ্চিতকরণ, সন্ত্রাসবাদ ও উগ্রবাদ দমন, সংঘবদ্ধ ও গুরুতর অপরাধ প্রতিরোধ, মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, হত্যা, ধর্ষণ, অপহরণ, মানবপাচার ও সাইবার অপরাধসহ বিভিন্ন অপরাধ দমন এবং অপরাধ সংক্রান্ত গোয়েন্দা তথ্য সংগ্রহ ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে প্রতিজ্ঞাবদ্ধ।
এরই ধারাবাহিকতায় এসআরবি-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় অবস্থানকালে গত ০৯/১১/২০২৬ খ্রি. তারিখ আনুমানিক রাত ২১.৫৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চুনারুঘাট বাজার হতে একটি ব্যাটারি চালিত ইজিবাইকযোগে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্যসহ শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজের দিকে যাচ্ছে। উক্ত সংবাদ পেয়ে এসআরবির আভিযানিক দলটি আনুমানিক রাত ২২.২০ ঘটিকার সময় হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন উবাহাটা ইউনিয়নের অন্তর্গত শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ সংলগ্ন পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্ট পরিচালনাকালে একটি ব্যাটারি চালিত ইজিবাইক সিগন্যাল দিয়ে থামালে ০১ জন ব্যক্তি ইজিবাইক থেকে নেমে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি জিজ্ঞাসাবাদে জানায় যে, তার হেফাজতে মাদকদ্রব্য গাঁজা রয়েছে। পরবর্তীতে তার দেখানো মতে ইজিবাইকের যাত্রী সিটের উপর থাকা ০১টি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তার ভেতর থেকে নীল রংয়ের পলিথিনের উপর খাকি রংয়ের স্কচ টেপ দ্বারা মোড়ানো অবস্থায় ৩৩.৫ কেজি গাঁজা ও ইজিবাইকসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি- ১। বিষ্ণু চন্দ্র কর (৩৩), পিতা- মৃত উপেন্দ্র চন্দ্র কর, সাং- পাকুরিয়া, থানা- চুনারুঘাট, জেলা- হবিগঞ্জ।
গ্রেফতারকৃত ব্যক্তি জিজ্ঞাসাবাদে জানায় যে, সে হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল।
৩। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়স্ত্রণ আইন, ২০১৮ খ্রি. এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবির-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন