এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

নিয়ম মেনে ভবন নির্মাণ নিশ্চিতকরণে পরিদর্শনে নেমেছে সিউক-সতর্ক মালিকদের

Daily Jugabheri
প্রকাশিত time ago 4 hours
নিয়ম মেনে ভবন নির্মাণ নিশ্চিতকরণে পরিদর্শনে নেমেছে সিউক-সতর্ক মালিকদের

যুগভেরী ডেস্ক ::: নগরের ইমারত নির্মাণ বিধিমালা অনুযায়ী ভবন নির্মাণ নিশ্চিতকরণ এবং জনসচেতনতা তৈরির লক্ষ্যে মাঠপর্যায়ে অভিযানে নেমেছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। রোববার দুপুরে নগরের বিভিন্ন এলাকায় নির্মাণাধীন বহুতল ও নিচু ভবন পরিদর্শন করেন সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরিদর্শনকালে বহুতল ও সাধারণ ভবনগুলো অনুমোদিত নকশা ও নির্মাণ বিধি মেনে তৈরি হচ্ছে কি না, তা সরেজমিনে যাচাই করা হয়। একই সাথে ভবন নির্মাণের মূল অনুমোদন এবং কাজ শেষে ব্যবহারের উপযোগিতা সংক্রান্ত অনুমোদনপত্র (অকুপেন্সি সার্টিফিকেট) গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সিউকের পরিদর্শন দল নগরের গুরুত্বপূর্ণ পাঁচটি স্থানে সরেজমিনে যায়:
হাওয়াপাড়া (মসজিদের নিকট): গ্রাউন্ড ফ্লোরের নির্মাণকাজ চলমান। হাওয়াপাড়া (শহীদ মিনার এলাকা): পাইলিংয়ের কাজ চলছে। শিবগঞ্জ (সাইফা সামিট এলাকা): একটি ৭ তলা ভবনের গ্রেড বিমের কাজ চলছে। সুবিদবাজার (প্ল্যাটিনাম অ্যাপার্টমেন্ট): একটি ১৫ তলা ভবনের বেইজমেন্টের কাজ চলছে। পাঠানটুলা (পয়েন্ট রোড থেকে রাগীব আলী হাসপাতাল, ২ নম্বর রোড): একটি ৩ তলা ভবনের বেইজের নির্মাণকাজ চলমান রয়েছে।

পরিদর্শন শেষে সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী জানান, সিলেট সিটি করপোরেশন বা সিউকের অনুমোদিত নকশা অনুযায়ী নিয়ম মেনে কাজ হচ্ছে কি না, তা নিশ্চিত করতেই এই তদারকি শুরু হয়েছে। তিনি বলেন, “অনেকে অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে নির্মাণ কাজ করছেন যা আইনসম্মত নয়। এগুলো দ্রুততম সময়ে সংশোধনের জন্য সবাইকে সতর্ক ও পরামর্শ প্রদান করা হয়। আমরা চাই ভবনমালিক ও সুপারভাইজাররা সমন্বয়ের মাধ্যমে আইন মেনে কাজ করুন। শহরকে একটি পরিকল্পিত, আধুনিক ও নিরাপদ পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন।”

সিউকের নির্বাহী পরিচালক মো. সাদিউর রহিম জাদিদ ও অন্যান্য কর্মকর্তারা এই পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন। কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যায়ক্রমে সিলেট শহরের সকল নির্মাণাধীন ভবনে এই পরিদর্শন কার্যক্রম চালানো হবে। এদিকে নিয়মমাফিক ভবন নির্মাণে সিউকের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ নগরবাসী ও ভবনমালিকরা।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
18 October 2026

নিয়ম মেনে ভবন নির্মাণ নিশ্চিতকরণে পরিদর্শনে নেমেছে সিউক-সতর্ক মালিকদের

বিস্তারিত কমেন্টে