এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা

Daily Jugabheri
প্রকাশিত 25 May, Monday, 2026
পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা

যুগভেরী ডেস্ক ::: পবিত্র হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতার সূচনা হয়েছে সৌদি আরবের মিনা প্রান্তরে। বিশ্বের নানা দেশ থেকে আসা লাখো ধর্মপ্রাণ মুসলমান ইতোমধ্যে মিনার তাঁবুনগরীতে অবস্থান নিয়েছেন। চারদিকে এখন শুধু ইবাদত, দোয়া এবং ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনির আবহ।

হজের নিয়ম অনুযায়ী ৮ জিলহজ দিনভর ও রাত মিনায় অবস্থান করবেন হাজিরা। এ সময় তারা ধারাবাহিকভাবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন জামায়াতের সঙ্গে। মিনায় অবস্থানকে হজের গুরুত্বপূর্ণ সুন্নত হিসেবে বিবেচনা করা হয়।

স্থানীয় সময় রোববার রাত থেকেই মক্কা থেকে মিনার পথে যাত্রা শুরু করেন মুসল্লিরা। ইহরামের সাদা পোশাকে লাখো মানুষের একসঙ্গে যাত্রা যেন বিশ্ব মুসলিম ঐক্যের এক অনন্য প্রতিচ্ছবি হয়ে উঠেছে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, হাজিদের নিরাপদ ও নির্বিঘ্ন হজ নিশ্চিত করতে মিনাজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। তাঁবু নগরীতে থাকা, খাবার, চিকিৎসা ও যাতায়াত ব্যবস্থায় রাখা হয়েছে বিশেষ নজরদারি।

মিনায় রাতযাপন শেষে আগামী ৯ জিলহজ হাজিরা যাবেন আরাফাতের ময়দানে। সেখানে অনুষ্ঠিত হবে হজের অন্যতম প্রধান আনুষ্ঠানিকতা- ওকুফে আরাফা। এদিন হজের খুতবা প্রদান করবেন শায়েখ আলি বিন আবদুল রহমান আল-হুদাইফি।

চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১৬ থেকে ১৮ লাখ মুসল্লি হজে অংশ নিচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ থেকেও এবার প্রায় ৭৮ হাজারের বেশি হজযাত্রী সৌদি আরবে গেছেন পবিত্র হজ পালনের উদ্দেশ্যে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
25 May 2026

পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা

বিস্তারিত কমেন্টে