এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

……………………………

জামালপুরে কালবৈশাখীর তাণ্ডব, গাছচাপায় মা ও ২ মেয়ের মৃত্যু

Daily Jugabheri
প্রকাশিত ২৭ এপ্রিল, সোমবার, ২০২৬
জামালপুরে কালবৈশাখীর তাণ্ডব, গাছচাপায় মা ও ২ মেয়ের মৃত্যু

যুগভেরী ডেস্ক ::: জামালপুরের মেলান্দহে কালবৈশাখীর তাণ্ডবে বসতঘরের ওপর গাছ ভেঙে পড়ে মা ও দুই মেয়ে নিহত হয়েছেন। আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা। এর আগে গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই এলাকার মৃত গনি মণ্ডলের স্ত্রী খুকি বেগম (৬৫) এবং তার দুই মেয়ে ফরিদা আক্তার (৪০) ও ফতে আক্তার (৩৭)।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল রোববার দিবাগত রাতে মা ও দুই মেয়ে নিজ বসতঘরের একই বিছানায় ঘুমিয়ে ছিলেন। শেষ রাতে হঠাৎ শুরু হওয়া কালবৈশাখীতে লণ্ডভণ্ড হয়ে যায় চারপাশ। ঝড়ের তীব্রতায় ঘরের পাশে থাকা একটি বিশাল মেহগনি গাছ উপড়ে সরাসরি টিনের ঘরের ওপর আছড়ে পড়ে। এতে ঘরের ভেতরে ঘুমন্ত অবস্থায় থাকা তিনজনই গাছের নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

রাতের অন্ধকার ও ঝড়ো আবহাওয়ার কারণে তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজ সম্ভব হয়নি। পরে সকালে স্থানীয় লোকজনের সহায়তায় খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন এবং গাছের নিচ থেকে তাদের মরদেহ উদ্ধার করেন।

এদিকে মর্মান্তিক এ ঘটনায় দাগী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একসঙ্গে মা ও দুই মেয়ের মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।

ইউএনও জিন্নাতুল আরা জানান, খবর পাওয়ার পরপরই প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এটি অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। প্রশাসনের পক্ষ থেকে নিহতদের দাফন ও ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তার উদ্যোগ নেওয়া হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন