এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

……………………………

টেকনাফের গহিন পাহাড় থেকে শিশুসহ ৩৮ জন উদ্ধার, আটক দুই

Daily Jugabheri
প্রকাশিত ০৩ অক্টোবর, শুক্রবার, ২০২৫
টেকনাফের গহিন পাহাড় থেকে শিশুসহ ৩৮ জন উদ্ধার, আটক দুই

যুগভেরী ডেস্ক ::: সাগরপথে মালয়েশিয়াসহ দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন দেশে পাচারের উদ্দেশ্যে কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার গহিন পাহাড়ে জিম্মি করে রাখা নারী, শিশুসহ ৩৮ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ দল।

শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

কমান্ডার সিয়াম-উল-হক বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। পাচারের জন্য নারী, শিশুসহ কয়েকজনকে জিম্মি করে রাখা হয়েছিল–এমন খবর পেয়ে কোস্টগার্ড ও নৌবাহিনী অভিযান চালায়। এ সময় আস্তানা থেকে ১৮ জন রোহিঙ্গা নারী, ১১ জন রোহিঙ্গা পুরুষ, ৮ জন রোহিঙ্গা শিশু ও ২ জন বাঙালি পুরুষকে উদ্ধার করা হয়। আটক করা হয় ২ পাচারকারীকে।

ভুক্তভোগীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, পাচারকারীরা মুক্তিপণ আদায় এবং পাচারের উদ্দেশ্যে তাদের বন্দি রেখে নির্যাতন করছিল।

এর আগে ২ অক্টোবর বাহারছড়া ইউনিয়নের করাচিপাড়া ঘাটসংলগ্ন এলাকা থেকে ২১ জন নারী ও শিশুকে উদ্ধার করে কোস্টগার্ড। ১ অক্টোবর বাহারছড়ার জুম্মাপাড়া পাহাড়সংলগ্ন এলাকা থেকে আটজন নারী ও শিশুকে উদ্ধার করে কোস্টগার্ড। ২৯ সেপ্টেম্বর রাতে একই এলাকার পাহাড় থেকে তিন দালালসহ তিনজনকে উদ্ধার করা হয়। ২৩ সেপ্টেম্বর কচ্ছপিয়া এলাকার পাহাড় থেকে পাঁচ অপহৃতকে উদ্ধার এবং দুই মানব পাচারকারীকে আটক করা হয়। এর আগের দিন র‍্যাব ও বিজিবি অভিযান চালিয়ে অস্ত্রসহ তিন পাচারকারীকে গ্রেপ্তার ও ৮৪ জনকে উদ্ধার করে। ১৮ সেপ্টেম্বর কোস্টগার্ড ৬৬ জনকে উদ্ধার করে। ১৬ সেপ্টেম্বর বিজিবি ১২ পাচারকারীকে আটক ও ১১ জনকে উদ্ধার করে।

মানব পাচারসহ যে কোনো অবৈধ কার্যকলাপ রোধে কোস্টগার্ড এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখবে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন

টেকনাফের গহিন পাহাড় থেকে শিশুসহ ৩৮ জন উদ্ধার, আটক দুই

০৩ অক্টোবর ২০২৫
« « « বিস্তারিত কমেন্টে » » »