এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

উৎসবের দিনে সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ

Daily Jugabheri
প্রকাশিত 10 June, Tuesday, 2025
উৎসবের দিনে সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ

যুগভেরী ডেস্ক ::: বাংলাদেশি ফুটবলপ্রেমীদের জন্য উৎসবের দিন ছিল আজ। তাই রোদে নাকাল হয়ে বৃষ্টিতে ভিজে জাতীয় স্টেডিয়ামে তাদের মুখর উপস্থিতি ছিল। পুরোটা সময় মাতিয়ে রেখেছেন নানাবিধ স্লোগানে। এদিকে টিভি বা মোবাইল স্ক্রিনের সামনেও ফুটবলপ্রেমীদের চোখ ছিল বাংলাদেশি খেলোয়াড়দের প্রতি। কিন্তু উৎসবে পানি ঢাললো সিঙ্গাপুর।

এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরেছে বাংলাদেশ। মঙ্গলবার (১০ জুন) এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের এই জয়ে সিঙ্গাপুর উঠলো গ্রুপের শীর্ষ আসনে।

সিঙ্গাপুর প্রথমার্ধে এগিয়েছিল ১-০ গোলে। এক পর্যায়ে ব্যবধান ২-০ করে অতিথি দলটি। ৬৮ মিনিটে ব্যবধান কমায় হামজা-শামিতদের দল। বাংলাদেশের গোলটি করেছেন রাকিবুল ইসলাম।

গোলের পর আক্রমণের গতি আরও বাড়ায় স্বাগতিকরা। শাকিল আহাদ ও মোহাম্মদ হৃদয়কে তুলে মাঠে নামানো হয় মোরসালিন ও ফয়সাল ফাহিমকে। ধারাবাহিক আক্রমণ চললেও গোলরক্ষক ও সিঙ্গাপুর রক্ষণভাগ হয়ে ওঠে দেয়াল। ৭৭ মিনিটে হামজার ফ্রিকিক থেকে শুরু করে শেষ পর্যন্ত একের পর এক কর্নার ও আক্রমণ এলেও ফলাফল বদলায়নি।

৮২ থেকে ৮৪ মিনিটে বেশ কিছু আক্রমণ করেছিল বাংলাদেশ। তবে সমতায় ফেরার গোলটা পায়নি স্বাগতিকরা। শেষ দিকে একটা পেনাল্টিও পেতে পারত বাংলাদেশ। তবে স্বাগতিক খেলোয়াড়দের আবেদনে সাড়া দেননি রেফারি।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
10 June 2025

উৎসবের দিনে সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ

বিস্তারিত কমেন্টে