
যুগভেরী ডেস্ক ::: সিলেট জেলা প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সাংবাদিকদের পেশাগত ব্যস্ততার পাশাপাশি শারীরিক ও মানসিক সুস্থতা, পারস্পরিক সৌহার্দ্য এবং বিনোদনের সুযোগ সৃষ্টি করতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। দৈনিক জৈন্তা বার্তার সহযোগিতায় আয়োজিত এ ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন প্রেসক্লাবের সদস্য সাংবাদিকরা।
রোববার (৮ নভেম্বর) বিকেলে সিলেট জেলা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, সাংবাদিকদের ব্যস্ততার যেন শেষ নেই। পেশাগত দায়িত্ব পালনে দিনের অধিকাংশ সময়ই তাঁদের কাজের মধ্যে থাকতে হয়। সংবাদ সংগ্রহ, সম্পাদনা, পরিবেশনসহ নানা দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় নিজেদের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য পর্যাপ্ত সময় বের করা সম্ভব হয় না। এ অবস্থায় মানসিক প্রশান্তি ও শারীরিক সুস্থতা বজায় রাখতে খেলাধুলা এবং বিনোদনের বিকল্প নেই।
তিনি বলেন, সাংবাদিকদের শুধু কাজ করলে হবে না, কাজের বাইরেও নিজেকে সময় দিতে হবে। পরিবার-পরিজনকে সময় দিতে হবে। নিয়মিত খেলাধুলা ও বিনোদনমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে। এতে শরীর ও মন ভালো থাকবে, কর্মক্ষেত্রের একঘেয়েমি দূর হবে এবং নতুন উদ্যমে পেশাগত দায়িত্ব পালনের আগ্রহ তৈরি হবে। খেলাধুলা মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এ ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়।
সিসিক প্রশাসক আরও বলেন, সাংবাদিকরা সমাজের গুরুত্বপূর্ণ একটি অংশ। তাঁরা প্রতিনিয়ত মানুষের কথা তুলে ধরেন এবং সমাজের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করেন। তাঁদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সুস্থ ও সুন্দর জীবনযাপনের সুযোগ তৈরি করাও জরুরি। সিলেট জেলা প্রেসক্লাবের এ উদ্যোগ সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি সিলেট জেলা প্রেসক্লাবের সার্বিক কার্যক্রমে পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
ক্লাবের কোষাধ্যক্ষ আনন্দ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রেজাউল করিম নাচন, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির লন্ডন রিজিয়নের সেক্রেটারি তোফাজ্জল আলম, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন এবং সহ-সাধারণ সম্পাদক রবিকিরন সিংহ রাজেশ।
বিশেষ অতিথির বক্তব্যে বক্তারা বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল ও চ্যালেঞ্জিং পেশা। এ পেশায় নিয়োজিত ব্যক্তিদের প্রতিনিয়ত নানা ধরনের চাপ ও ব্যস্ততার মধ্য দিয়ে সময় পার করতে হয়। তাই পেশাগত দায়িত্বের পাশাপাশি তাঁদের শারীরিক ও মানসিক সুস্থতার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। এ ধরনের ক্রীড়া আয়োজন সাংবাদিকদের কর্মব্যস্ত জীবনে আনন্দ ও স্বস্তি এনে দেওয়ার পাশাপাশি পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করবে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্তি সম্পাদক আহমেদ জামিল। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য দেবাশীষ দেবু, সাঈদ চৌধুরী টিপু, কাইয়ুম উল্লাস, মিসবাহ উদ্দিন আহমদসহ ক্লাবের অন্যান্য সদস্য ও সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল হক ডালিম। এ ছাড়া পবিত্র গীতা পাঠ করেন ক্লাবের সহসভাপতি সজল ঘোষ।
অনুষ্ঠানে সিলেট জেলা প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন