এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সিলেটে হৃদয় হত্যা: প্রধান আসামি আমিন গ্রেপ্তার

Daily Jugabheri
প্রকাশিত time ago 7 hours
সিলেটে হৃদয় হত্যা: প্রধান আসামি আমিন গ্রেপ্তার

যুগভেরী ডেস্ক ::: সিলেট নগরের কাষ্টঘর সুইপার কলোনীতে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় হৃদয় কুমার হরিজন (৩৩) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে সিলেটের জৈন্তাপুর উপজেলার শুক্রবাড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তার আমিন আহমদ (৩৫) সিলেটের এয়ারপোর্ট থানার নালিয়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম শহিদ আহমদ। তিনি এ হত্যা মামলার এজাহারনামীয় এক নম্বর আসামি।

এসআরবি জানায়, গত ১১ অক্টোবর রাত সাড়ে ৭টার দিকে হৃদয় হরিজনের বাসার সামনে তার স্ত্রীর ছবি ও ভিডিও ধারণ করছিলেন আমিন আহমদ। এ সময় হৃদয় এর প্রতিবাদ করলে আমিন ও তার সহযোগীরা তাকে গালিগালাজ এবং দেখে নেওয়ার হুমকি দেন।

এর জের ধরে রাত ৮টার দিকে হৃদয়কে কাষ্টঘর সুইপার কলোনীসংলগ্ন রাজু স্টোরের বিপরীত পাশের একটি ফাঁকা জায়গায় ডেকে নিয়ে যান আসামিরা। সেখানে তাকে ছুরিকাঘাত করা হয়। এতে তার বাম পায়ের হাঁটুর ওপরের সামনের ও পেছনের অংশে গুরুতর জখম হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় হত্যা মামলা করেন। মামলা দায়েরের পর আসামিদের শনাক্ত ও গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে এসআরবি-৯।

এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রধান আসামি আমিন আহমদকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।

এরাআগে গত ১৫ অক্টোবর নরসিংদীর মাধবদী থানার পাঁচদোনা থেকে এই হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করে পুুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বালাগঞ্জ থানার নূরপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে ইমন আহমেদ (২৬), জালালাবাদ থানার বলাউড়া গ্রামের মো. হরুফ আলী মিয়ার ছেলে রুমান আহমদ সাজ্জাদ (২৫) এবং একই থানার সোনাতলা গ্রামের নুর মিয়ার ছেলে পারভেজ (২২)।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
03 November 2026

সিলেটে হৃদয় হত্যা: প্রধান আসামি আমিন গ্রেপ্তার

বিস্তারিত কমেন্টে