
যুগভেরী ডেস্ক :::সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন মাসের শিশুসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে দুটি দুর্ঘটনায় তিনজন মারা যান। নিহত অপর ২ জনের মধ্যে একজন নারী ও একজস পুরুষ বলে জানা গেছে। এসব দুর্ঘটনায় আরও প্রায় ১০ জন আহত হয়েছেন।
নিহত শিশুর নাম আয়াত (৩ মাস)। সে গোয়াইনঘাট থানার পশ্চিম মাখেরপাড়া গ্রামের হাসানুজ্জামানের ছেলে।
জানা গেছে, শনিবার দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর থানার বিরাইমারা সেতুর পাশে দুটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই গাড়ির চার থেকে পাঁচজন যাত্রী আহত হন।
জৈন্তাপুর থানা পুলিশ ও তামাবিল হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে প্রথমে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে সেখান থেকে আয়াসসহ কয়েকজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আয়াসকে মৃত ঘোষণা করেন।
তামাবিল হাইওয়ে পুলিশ জানায়, দুটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে।
এর আগে, দুপুর সোয়া ১২টার দিকে সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুরের ফেরিঘাট এলাকায় জাফলংগামী পর্যটকবাহী একটি বাসের সঙ্গে সিলেটগামী পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসের কয়েকজন যাত্রী আহত হন। স্থানীয়দের সহায়তায় তামাবিল হাইওয়ে পুলিশ ও জৈন্তাপুর থানা পুলিশ তাঁদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এব্যাপারে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ দায়িত্বে থাকা এসআই আনোয়ারুল ইসলাম জানান, তামাবিল সড়কে পর্যটকবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে একজন নারী ও অন্যজন পুরুষ। এ ঘটনায় হাসপাতালে আরও পাঁচজন ভর্তি রয়েছেন। তবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজবাড়ী থেকে ছয় দিনের জন্য সিলেট ভ্রমণে এসেছিলেন কয়েকজন পর্যটক। শনিবার একটি বাসে করে জাফলংয়ের উদ্দেশে রওনা হন। পথে সিলেটগামী একটি পাথরবোঝাই ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি সড়কের পাশে কাদায় পড়ে যায় এবং বাসের যাত্রীরা হতাহত হন।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন