নিজস্ব সংবাদদাতা, গোয়াইনঘাট ::: সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে পাথর সংগ্রহ করতে গিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশের অভিযোগে আটক বাংলাদেশি শ্রমিক শাহরিয়ারকে ২৪ ঘণ্টা পার হলেও ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাকে ফেরত চেয়ে বিজিবির পক্ষ থেকে চিঠি দেওয়া হলেও জবাবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিএসএফ। এ ঘটনায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ অব্যাহত থাকলেও এখনো কোনো সমাধান হয়নি।
আটক শাহরিয়ার (২২) গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের উপর গ্রামের মনির মিয়ার ছেলে। গত শনিবার (২১ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার মরকিটিলা এলাকায় ১২৬৩/৭ এস পিলারসংলগ্ন ভারতের অভ্যন্তর থেকে তাকে আটক করে বিএসএফ।
বিজিবি সূত্রে জানা যায়, শাহরিয়ারকে ফেরত চেয়ে বিএসএফের কাছে চিঠি পাঠানো হয়েছে। এর জবাবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ভারতীয় বাহিনী। তবে তাকে ফেরত দেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমেদ বলেন, এ বিষয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। তবে এখনো কোনো সুরাহা হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে মরকিটিলা এলাকায় জিরো পয়েন্টের কাছাকাছি অন্য শ্রমিকদের সঙ্গে পাথর সংগ্রহ করতে যান শাহরিয়ার। একপর্যায়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফ সদস্যরা ধাওয়া করেন। এ সময় অন্য শ্রমিকরা বাংলাদেশে ফিরে আসতে সক্ষম হলেও শাহরিয়ার আটক হন।
শাহরিয়ারের বাবা মনির মিয়া জানান, তার ছেলে কানে কম শোনে। সকালে তাকে হাদারপার বাজারের একটি দোকানে পাঠানো হয়েছিল। পরে সে পাথর আনতে মরকিটিলা এলাকায় গিয়ে ভুলবশত ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। ছেলেকে ফেরত পেতে তিনি বিজিবির সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন।
উল্লেখ্য, এর আগে গত ১৭ নভেম্বর বিছনাকান্দি পর্যটন স্পট এলাকায় বাংলাদেশের প্রায় ২০০ গজ অভ্যন্তরে প্রবেশ করে এক পর্যটককে বিএসএফ সদস্যদের গালিগালাজের অভিযোগ ওঠে। এ ঘটনায় বিজিবি অস্ত্রসহ এক বিএসএফ সদস্যকে আটক করে। পরে পতাকা বৈঠকের প্রায় সাত ঘণ্টা পর তাকে ভারতের কাছে হস্তান্তর করা হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা