যুগভেরী ডেস্ক ::: সিলেটের ঐতিহ্যবাহী কিন ব্রিজের পাশে সুরমা নদীর ওপর ঝুলন্ত সেতু নির্মাণেল উদ্যোগ নেওয়া হয়েছে। এই সেতু নির্মাণের জন্য শুক্রবার কিনব্রিজ এলাকা পরিদর্শন করেছেন বাণিজ্যমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির।
বিকেলে পরিদর্শন শেষে বাণিজ্যমন্ত্রী বলেন, কিনব্রিজের পাশে একটি দৃষ্টিনন্দন ঝুলন্ত সেতু নির্মাণ করা হবে। এই সেতু একদিকে যেমন পর্যটকদের জন্য আকর্ষনীয় হবে অন্যদিকে সিলেটের যোগাযোগ ব্যবস্থায়ও নতুন মাত্রা যোগ করবে। নগরের ট্রাফিক ব্যবস্থার উপরও চাপ কমবে। এখনও এটি পকিল্পনা পর্যায়ে রয়েছে। তবে একটি ঝুলন্ত সেতু নির্মাণের সিদ্ধান্ত হয়েছে।
তিনি বলেন, কিনব্রিজ দিয়ে এখন গাড়ি যায় না। তবে নতুন ব্রিজটি ফাংশনাল ব্রিজ হবে। এর জন্য ফিজিবিলিটি স্টাডির প্রক্রিয়া শুরু হবে। আলী আমজাদের ঘড়িসহ এই এলাকার ঐতিহ্যগুলো ধ্বংস না করে যাতে নতুন সেতু নির্মাণ করা যায় এ ব্যাপারে ফিজিবিলিটি স্টাডি (সমীক্ষা যাছাই) হবে।
নতুন সেতু নির্মাণ হলেও কিনব্রিজকে টিকিয়ে রাখা হবে জানিয়ে মন্ত্রী বলেন, কিন ব্রিজের সক্ষমতা বাড়াতে আমরা কাজ করব। একটি ঐতিহ্য হিসেবে এটি টিকিয়ে রাখা হবে।
তিনি আরও বলেন, নতুন সেতু নির্মাণ হলে দেশ-বিদেশের পর্যটকদের কাছে সিলেটের আকর্ষণ আরও বাড়বে। এর ফলে সিলেটের পর্যটন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়ার পাশাপাশি দেশের কাছে সিলেটের সুনাম আরও উজ্জ্বল হবে।
এ সময় সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, সিলেট নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ব্রিটিশ আমলে সুরমা নদীর উপর লোহার কাঠামোর দৃষ্টিনন্দন কিনব্রিজ নির্মাণ করা হয়। টানা দুই বছর নির্মাণকাজ শেষে ১৯৩৬ সালে সেতুটি চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছিল। তৎকালীন অসম প্রদেশের গভর্নর মাইকেল কিনের নামে এই সেতুর নামকরণ হয় ‘কিনব্রিজ’। প্রায় ৯ দশক ধরে সচল সেতুটি বাংলাদেশের অন্যতম প্রাচীন এবং সিলেট অঞ্চলে সুরমা নদীর ওপর প্রথম সেতু। এর দৈর্ঘ্য ১ হাজার ১৫০ ফুট এবং প্রস্থ ১৮ ফুট।
লোহার এই সেতু দীর্ঘদীদিন ধরে জরাজীর্ন অবস্থায় আছে। বন্ধ রয়েছে ভারী যান চলাচল।
কিনব্রিজের পাশে একটি ঝুলন্ত সেতু নির্মাণের দাবি সিলেটবাসীর দীর্ঘদিনের। সাবেক স্পিকার হুমায়ূন রশিদ চৌধুরী কিনব্রিজের পাশে একটি ঝুলন্ত সেতু নির্মাণের উদ্যোগ নেয়েছিলেন।
চারদলীয় জোট সরকারের আমলে সিলেট-১ আসনের তৎকালীন সাংসদ ও অর্থমন্ত্রী এম সাইফুর রহমান কিনব্রিজ ভেঙে এই স্থানে নতুন একটি সেতু নির্মাণের উদ্যোগ নেন। তবে সে সমসয় ঐতিহ্য হিসেবে কিনব্রিজটি না ভাঙার দাবি উঠে।
জানা যায়, স্বপ্নের সেই সেতু বাস্তবায়নে এগিয়ে এসেছিল বিদেশি সংস্থা ‘নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি)’। প্রকল্পে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে আগ্রহ দেখিয়েছিল ব্যাংকটি। কিন্তু এপ্রোচ সড়ক নির্মাণের জায়গা নেই এমন অজুহাতে ঝুলন্ত সেতুর প্রকল্প পরবর্তীতে বাতিল করা হয়।
এরপর ২০২২ সালে তৎকালীন পররাষ্ট্র মন্ত্রী ও সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য ড. একে আব্দুল মোমেন সিলেটের ঐতিহ্যবাহী কিনব্রিজের পাশে আরেকটি সেতু নির্মান করা হবে বলে জানান। তবে সে উদ্যোগও আর এগোয়নি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা