যুগভেরী ডেস্ক ::: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের এক কর্মচারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তিনি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে কর্মচারী হিসেবে কর্মরত।
রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার গুটিবাড়ী মোংলামবস্তি চা-বাগানে সীমান্ত পিলার ১৯৩৯/এম-এর কাছ থেকে তাকে আটক করা হয়।
আটক ওই কর্মচারীর নাম সুশান্ত চন্দ্র বিশ্বাস (৩৪)। তিনি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাচাইল গ্রামের সত্যেন্দ্র চন্দ্র বিশ্বাসের ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, ২০১৬ সাল থেকে চুক্তিভিত্তিকভাবে নির্বাচন অফিসে কর্মরত সুশান্ত বর্তমানে জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিজিবি জানায়, সুশান্ত প্রায় এক মাস ধরে অনুমোদিত ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। জিজ্ঞাসাবাদে তিনি জানান, গত বৃহস্পতিবার শ্রীমঙ্গলে এসে একটি হোটেলে অবস্থান করেন। পরে এক দালালের সহায়তায় সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করেন।
আটকের সময় তার কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মুঠোফোন, নগদ ১২ হাজার ১৮৫ টাকা, তাঁর নামে দুটি জাতীয় পরিচয়পত্র, ছয়টি বিভিন্ন ধরনের পরিচয়পত্র, দাপ্তরিক সিল ও ব্যক্তিগত সামগ্রী উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, উদ্ধার করা পরিচয়পত্র, ডিজিটাল তথ্য ও অন্যান্য নথিপত্র যাচাই করা হচ্ছে। অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের চেষ্টার অভিযোগে আটক ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও যে কোনো ধরনের অপরাধ দমনে বিজিবির কঠোর নজরদারি ও তৎপরতা অব্যাহত রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা