যুগভেরী ডেস্ক ::: ঘনঘন বিদ্যুৎ লোডশেডিংয়ের প্রতিবাদ ও সিলেটের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আগামী সোমবার সভা সিলেট কোর্টপয়েন্টে এক সভার আহবান করেছেন সিলেট বিভাগ গণদাবি পরিষদ। শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সভার বিষয় জানানো হয়েছে।
এতে বলা হয়েছে সিলেটের দীর্ঘদিনের অবহেলিত ও বঞ্চিত অধিকারসমূহ আদায়ের লক্ষ্যে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’-এর উদ্যোগে স্থানীয় কোর্ট পয়েন্টে এক বিশাল প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। অত্র সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে জানানো হয়েছে যে, আগামী ২৪ আগস্ট ২০২৬ তারিখ সোমবার বিকাল ৩ টায় এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে।
সভায় সিলেটের আপামর জনসাধারণকে দলমত নির্বিশেষে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলা হয় যে, দীর্ঘদিন ধরে সিলেট অঞ্চলের উন্নয়নে নানামুখী বৈষম্য ও ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। সিলেটের ন্যায্য ও জ্যান্ত দাবিগুলো বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানানো হয়।
প্রতিবাদ সভায় উত্থাপিত ও বাস্তবায়নের দাবি জানানো প্রধান দাবিগুলো হলো:
১. বিদ্যুৎ সেক্টর: সিলেটে ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিং অবিলম্বে বন্ধ করা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা।
২. বিমানবন্দর উন্নয়ন ও ফ্লাইট পরিচালনা: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কুয়েত, কাতার, সৌদি আরবসহ বিশ্বের খ্যাতনামা ও সেরা এয়ারলাইন্সগুলোকে ফ্লাইট পরিচালনার সুযোগ ও অনুমতি প্রদান করা।
৩. টার্মিনাল নির্মাণ কাজ: ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনালের নির্মাণ কাজ দিবারাত্রি (২৪ ঘণ্টা) চালিয়ে নির্ধারিত সময়সীমা অর্থাৎ ২০২৭ সালের মধ্যে শতভাগ সম্পন্ন করা।
৪. রেলপথ উন্নয়ন: সিলেট-আখাউড়া রেলপথ দ্রুত ডাবল লাইনে উন্নীতকরণ প্রকল্পের কাজ ত্বরান্বিত করা।
৫. মহাসড়ক উন্নয়ন: সিলেট-ঢাকা ৬ লেনের মহাসড়ক নির্মাণ প্রকল্পের কাজ অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে শেষ করা।
উক্ত প্রতিবাদ সভায় সিলেটের সকল পেশাজীবী, ছাত্র-জনতা, শ্রমিক, ব্যবসায়ী এবং সচেতন নাগরিকদের যথাসময়ে উপস্থিত থেকে সিলেটবাসীর ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনকে বেগবান করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন সিলেট বিভাগ গণদাবী পরিষদের নেতৃবৃন্দ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা