গোয়াইনঘাট নিজস্ব সংবাদদাতা ::: সিলেটের গোয়াইনঘাট উপজেলার মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে অভিভাবক সমাবেশ ও নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এডহক কমিটির সভাপতি রতন কুমার অধিকারীর সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক আলী হোসেনের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক চিত্রনায়ক সনি রহমান।
শুরুতে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, মানোন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে স্বাগত বক্তব্য দেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এডহক কমিটির সদস্য মো. করিম মাহমুদ লিমন।
এ সময় বক্তব্য দেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আলিম, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান, মুসলিমনগর সূর্য তরুণ সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি দেলোয়ার হোসেন দুলু, অভিভাবক বিল্লাল হোসেন ও রুকুন উজ্জামান রুকুসহ অন্যান্যরা।
সভাপতির বক্তব্যে ইউএনও রতন কুমার অধিকারী বলেন, সুশিক্ষাই একটি আদর্শ সমাজ গঠনের মূল ভিত্তি। বিদ্যালয়ের শিক্ষার মান ও পরিবেশ উন্নয়নে এডহক কমিটি আন্তরিকভাবে কাজ করবে। একই সঙ্গে শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, এডহক কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা