নিজস্ব সংবাদদাতা, গোয়াইনঘাট ::: ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে কারাভোগ শেষে ১০ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উপস্থিতিতে তাদের বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
তামাবিল ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, ফেরত আসা ব্যক্তিরা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কালীগঞ্জ সীমান্ত এবং সিলেটের গুচ্ছগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। পরে বিএসএফ ও ভারতীয় পুলিশের হাতে আটক হয়ে আদালতের নির্দেশে কারাগারে যান। দীর্ঘদিন সাজাভোগ শেষে বাংলাদেশ সরকারের আবেদনের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের দেশে ফেরত পাঠায়।
ফেরত আসা ব্যক্তিরা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, শেরপুর ও নেত্রকোনা জেলার বাসিন্দা।
তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ (এসআই) মো. বজলুর রশিদ জানান, বিজিবি, বিএসএফ এবং উভয় দেশের পুলিশের উপস্থিতিতে সকল আনুষ্ঠানিকতা শেষে ১০ বাংলাদেশিকে থানা পুলিশের মাধ্যমে তাদের স্বজনদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, জীবিকার আশায় কিংবা দালালের প্রলোভনে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করলে কারাভোগসহ নানা দুর্ভোগের মুখে পড়তে হয়। তাই ঝুঁকিপূর্ণ ও অবৈধ পথে বিদেশে যাওয়ার চেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তারা।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা