
নিজস্ব সংবাদদাতা, গোয়াইনঘাট:
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা (এগ্রোইকোলজি) সম্প্রসারণের লক্ষ্যে ‘দ্য গ্রীন ইভোলুশন’ প্রকল্পের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ও বিশ্ব বালাই সচেতনতা দিবস উপলক্ষে পাবলিক মিটিং এবং কৃষকদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
জার্মানভিত্তিক উন্নয়ন সংস্থা ওয়েল্টহাঙ্গারহিলফি (Welthungerhilfe)-এর কারিগরি ও আর্থিক সহায়তায় ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি) প্রকল্পটি বাস্তবায়ন করছে। রাসায়নিক ও নিষিদ্ধ সার-কীটনাশকের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব জৈব সার ও বালাইনাশকের ব্যবহার বৃদ্ধি করাই এ প্রকল্পের মূল লক্ষ্য।
বুধবার (১০ জুন) সকালে গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ও মধ্য জাফলং ইউনিয়নে আয়োজিত পৃথক অনুষ্ঠানে কৃষকদের মাঝে ফলজ, বনজ ও ভেষজ উদ্ভিদের চারা বিতরণ করা হয়। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে নিম, মেহগনি, আতা ও তুঁতসহ বিভিন্ন উপকারী গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়। সরকারের দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
চারা বিতরণকালে বক্তারা বলেন, কৃষকেরা এসব চারা নিজ নিজ বসতভিটা ও কৃষিজমিতে রোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ এবং টেকসই কৃষি ব্যবস্থার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। একই সঙ্গে ক্ষতিকর রাসায়নিক কীটনাশকের ব্যবহার কমিয়ে নিরাপদ খাদ্য উৎপাদনেও এটি সহায়ক হবে।
অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, এফআইভিডিবির প্রকল্প কর্মকর্তা এবং গ্রীন ইভোলুশন প্রকল্পের অংশীদার কৃষক-কৃষাণিরা উপস্থিত ছিলেন। বক্তারা টেকসই কৃষি ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জৈব কৃষি পদ্ধতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা