
বানিয়াচং উপজেলা সদরের ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের মিয়াখানীর মহল্লার খান বাড়ির সামনে থেকে শুরু হয়ে আদার বাড়ি পর্যন্ত সড়কের অবস্থা এখন একেবারেই বেহাল। দীর্ঘদিন ধরে সড়কের পিচ উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, ফলে যান চলাচল মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সামান্য বৃষ্টি হলেই সড়কের গর্তগুলো পানিতে ভরে যায়। এতে করে চালকরা গর্ত বুঝতে না পেরে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন। বিশেষ করে সিএনজি, অটোরিকশা ও মোটরসাইকেল চালকদের জন্য এ সড়কটি এখন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় পথচারী রহিম খান জানান, এই রাস্তায় হাঁটা-চলাই এখন কঠিন হয়ে গেছে। কাদা ও গর্তের কারণে প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে বয়স্ক ও স্কুলগামী শিক্ষার্থীরা বেশি সমস্যায় পড়ছে।
সিএনজি চালক জিতু মিয়া বলেন, রাস্তাটির কারণে আমাদের গাড়ির ক্ষতি হচ্ছে। প্রায়ই টায়ার ও যন্ত্রাংশ নষ্ট হচ্ছে। অনেক সময় যাত্রী নিয়েও ঝুঁকি নিয়ে চলতে হয়। দ্রুত সংস্কার না হলে বড় দুর্ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ইউপি চেয়ারম্যান আরফান উদ্দিন জানিয়েছেন, রাস্তাটির বিষয়ে আমরা অবগত আছি। ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে মেরামতের উদ্যোগ নেওয়া হবে বলে আশা করছি।
এলাকাবাসীর দাবি, জনদুর্ভোগ কমাতে জরুরি ভিত্তিতে সড়কটি সংস্কার করা হোক। অন্যথায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা