
চলতি বছরে সিলেট বিভাগে এক মাসে সড়ক দুর্ঘটনায় সর্বোচ্চ প্রানহানির ঘটনা ঘটেছে মে মাসে। মে মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ৫১ জনের প্রানহানি হয়েছে।
এরমধ্যে ২০ জনই মোটরসাইকেল চালক ও আরোহী। মে মাসে সিলেট বিভাগে সবচেয়ে বেশি প্রানহানি ঘটেছে সিলেট জেলায়। কম সংঘটিত হয়েছে মৌলভীবাজার জেলায়। মে মাসে সিলেট বিভাগে ৪২টি সড়ক দুর্ঘটনায় ৫১ জন নিহত ও ৬৫ জন আহত হয়েছেন। এরমধ্যে ঈদ যাত্রায় ৯টি সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছেন।
প্রতিবেদনে মে মাসের সড়ক দুর্ঘটনায় এতো প্রানহানি প্রধান কারন হিসাবে, চালকদের মধ্যে প্রতিযোগিতা ও বেপরোয়াভাবে গাড়ি চালানোর প্রবনতা, নিয়ম না মেনে ওভারটেকিং করা, মোটরসাইকেল চালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার না করা, পথচারীদের মধ্যে সচেতনতার অভাব ও সড়কে নির্মান ত্রুটিকে উল্লেখ করা হয়।
শনিবার (৬ জুন) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি এ প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদনে মে মাসে সিলেট বিভাগে ৪২টি সড়ক দুর্ঘটনায় ৫১ জন নিহত ও ৬৫ জন আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়। মে মাসে সিলেট জেলায় ১৭টি সড়ক দুর্ঘটনায় ২১ জন নিহত ও ৪০ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ১৩টি সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। মৌলভীবাজার জেলায় ৫টি সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ও ২ জন আহত হয়েছেন ও হবিগঞ্জ জেলায় ৭টি সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন।
নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলার আহবায়ক জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, দুটি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়,মে মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ১৯টি সড়ক দুর্ঘটনায় ২০ জন মোটরসাইকেল চালক ও আরোহী, ৬টি সড়ক দুর্ঘটনায় ১১জন সিএনজি ও টমটম চালক ও আরোহী,১৮টি সড়ক দুর্ঘটনায় ১৮ জন চালক ও ৯টি সড়ক দূর্ঘটনায় ৯ জন পথচারী নিহত হয়েছেন। এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৭টি দুর্ঘটনায় ৭ জন, মুখোমুখি সংঘর্ষে ১৪টি দুর্ঘটনায় ১০ জন, গাছ ও বৈদ্যুতিক খুঁটির সাথে আঘাতে ৩টি দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এছাড়া মে মাসে নিহত ৫১ জনের মধ্যে ৩৯ জন পুরুষ, ৬ জন নারী ও ৬ জন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, এপ্রিল মাসে সিলেট বিভাগে ১৯টি সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত ও ৫৮ জন আহত হয়েছেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা