এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে রজব, ১৪৪৭ হিজরি

……………………………

সিলেটে কুয়াশা আরও বাড়বে : সড়ক , বিমান ও নৌ পরিবহনে সতর্কতা

Daily Jugabheri
প্রকাশিত ০২ জানুয়ারি, শুক্রবার, ২০২৬
সিলেটে কুয়াশা আরও বাড়বে : সড়ক , বিমান ও নৌ পরিবহনে সতর্কতা

যুগভেরী ডেস্ক ::: সিলেট ও মৌলভীবাজার জেলায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিবাগত মধ্যরাত থেকে সকাল পর্যন্ত এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত কুয়াশা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সিলেট আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস জানায়, রাত থেকে সকালের কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ-পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িক বিঘ্ন ঘটতে পারে। সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে সিলেট ও মৌলভীবাজার জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা ধীরে ধীরে প্রশমিত হতে পারে। তবে কুয়াশার কারণে এলাকায় শীতের অনুভূতি বজায় থাকবে।

বৃহস্পতিবার সিলেট অঞ্চলের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং আবহাওয়া শুষ্ক থাকার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি শীত মৌসুমে জেলায় সর্বনিম্ন।

এছাড়া আপেক্ষিক আর্দ্রতা সকাল ৯টায় ছিল ৯৫ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় ছিল ৯৪ শতাংশ। গত ৩১ ডিসেম্বর সকাল ৬টা থেকে ১ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত এবং ১ জানুয়ারি সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।

শুক্রবার (২ জানুয়ারি) সিলেটে সূর্যোদয় হবে সকাল ৬টা ৩৮ মিনিটে এবং সূর্যাস্ত হবে বিকেল ৫টা ১৫ মিনিটে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন