
কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেট-কোম্পানীগঞ্জে-ভোলাগন্জ আঞ্চলিক মহাসড়েকে ডাকাতি বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার রাতে ডাকাতদের হামলায় একজন নিহত এবং অপর দুইজন গুরুতর আহত হয়েছেন। আহতদের আশংকাজনক অবস্থায় সিলট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাত ১১টার দিকে সড়কের কাটাখাল সেতুুর উপর এ ডাকাতি সংঘটিত হয়। সম্প্রতি এ সড়কে ঘন ঘন কয়েকটি ডাকাতির ঘটনায় যাত্রীদের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সংবাদসূত্র জানায়, বৃহস্পতিবার রাত ১১টায় কাটাখাল সেতুর উপর নাইলেনের রশি বেঁধে রাখে একদল ডাকাত। এসময় মোটরসাইকেল যোগে তিন আরোহি এসে রশিতে ধাক্কা খেয়ে পাকা ব্রীজের উপর সিটকে পড়েন। ঘটনাস্থলেই মারা যান সবুজ মিয়া (২০) নামের একজন। নিহত সবুজ মিয়া সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর কলাবাড়ী গ্রামের মৃত মনিরুল ইসলামের পুত্র।
ঘটনায় গুরুতর আহত সুমন(১৯) উত্তর কলাবাড়ী গ্রামের নছর উল্লাহ'র পুত্র ও শরীফ আহমদ( ১৮) উপজেলার বুড়দেও গ্রামের বাসিন্দা ।
আহত ২জনকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, সিলেট-ভোলাগঞ্জ সড়কের কোম্পানীগঞ্জ এলাকাধীন কাঁটাখাল, তেলিখাল প্রভৃতি এলাকায় ২/৩ দিন পর- পর রাস্তায় ও ব্রিজে রশি বেঁধে মোটরবাইক এবং অটেরিক্সাসহ বিভিন্ন যানবাহন আটকিয়ে ডাকাতি করে ডাকাত দল।
আজ থেকে ৪ দিন আগে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের এক কর্মকর্তাকে রাস্তায় রশি বেঁধে গাড়ি আটকিয়ে মোবাইল ফোন ও নগদ ৩৫ হাজার টাকা নিয়ে গেছে ডাকাত দল।
স্থানীয়দের অভিযোগ, কোম্পানীগঞ্জ থানা পুলিশসহ আইশৃঙ্খলা বাহিনীর কর্তব্যে অবহেলা এবং আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার কারণে ঘন ঘন ডাকাতি সহ নানা অঘটন ঘটছে। ফলে,এলাকার সাধারণ মানুষ উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিনযাপন করছেন।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাঁধা রশিতে মোটরবাইক আটকে ব্রীজে পড়ে একজন মারা গেছেন। ঘটনাটি ডাকাতি কি না থানা পুলিশ সিরিয়াসলি খতিয়ে দেখছে ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা