নিজস্ব সংবাদদাতা, মধ্যনগর ::: হঠাৎ করে চোরাকারবারীদের দৌড়াত্ব বন্ধ হয়ে গেল সীমান্তে। চোরাচালানের সাথে জড়িত উপজেলার ভারত সীমান্তবর্তী বংশীকুন্ডা উত্তর ও বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের একাধিক সংবদ্ধ চক্রের সদস্যরাও যেন মিশে গেছেন লোকারণ্যে।
গত দুই সপ্তাহ যাবৎ বন্ধ রয়েছে মধ্যনগর সীমান্তের চোরাকারবার।এখন সন্ধ্যার পর সীমান্তের গ্রামগুলোতে নেমে আসে ভৌতিক নিরবতা।আগের মতো রাতভর বর্ডার রোড সহ উপজেলার বিভিন্ন রাস্তায় গভীর রাত কিবা শেষ রাতের হৈ হোল্লোড় নেই।
সীমান্তের বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দারা জানান, গত অর্ধযুগেরও বেশী সময় ধরে চলছিল মধ্যনগর সীমান্তে প্রতি রাতে শত শত ভারতীয় গরু- মহিষের চোরাকারবার। মহিষখলা বাজারের গবাদিপশু হাটের হাসিল রশিদের ক্ষমতাবলে রাতে ও দিনে শুকনো মৌসুমে সড়ক পথে আর বর্ষায় ইঞ্জিনচালিত নৌকায় করে ভারত থেকে চোরাইপথে আনা এসব গরু-মহিষ পাচার করা হতো দেশের বিভিন্ন এলাকায়। শুধু গরু মহিষ নয়, দিনে-দুপুরে সীমান্তে চোরাচালানের বিভিন্ন পণ্য আনা-নেওয়া করেছে। প্রশাসনের নাকের ডগা দিয়ে প্রতি রাতে চোরাকারবারিরা ভারত থেকে বাংলাদেশে গরু, মহিষ, চিনি,কসমেটিকস, শাড়ি কাপড়, কাঁচা সুপারি, চাপাতা মাদকদ্রব্যসহ বিভিন্ন পণ্য আনতো অবাধে। অন্যদিকে বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হতো ছোলাবুট, শুকনো সুপারি, মটরশুটি ইত্যাদি পণ্য।তবে গরু, মহিষ, মাদক, চিনি ও সুপারীর চোরাকারবার
কিছুদিন আগেও রমরমা ছিল।
জানা গেছে, চোরাইপথে আনা ভারতীয় গরু- মহিষ বাংলাদেশে প্রবেশ মাত্রই সীমান্তের ওপার থেকেই এদেশীয় চোরাকারবারীদের মোবাইলে জানিয়ে দেওয়া হতো গরু-মহিষের সংখ্যা ও বিস্তারিত দৈহিক বর্ণনা। সেই তথ্য তাৎক্ষণিকভাবে মোবাইলে প্রেরন করা হতো মহিষখলা গবাদিপশু হাটের মহালদারের কাছে। সাথে সাথেই প্রতিটি গরু-মহিষের জন্য তৈরি করা হতো পৃথক ক্রয়-বিক্রয় রশিদ বা 'হাসিল রশিদ'। সীমান্ত থেকে মাত্র এক কিলোমিটার রাস্তা পেরিয়ে মহিষখলা বাজারে পৌঁছামাত্রই চোরাকারবারীরা হাতে পেয়ে যেতেন সেই 'হাসিল রশিদ'। এরপরই এসব গরু-মহিষ হয়ে যায় বৈধ। আর তখন না-কি আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর কিচ্ছু করার থাকেনা! এমনটাই ছিল বিগত সময়ে পুলিশের বক্তব্য।
সীমান্তবর্তী মহিষখলা বাজার ও গোঁলগাও বাজারের একাধিক ব্যবসায়ী জানান, সীমান্তের চোরাচালান বন্ধ, মাদক নির্মূলে অভিযান চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো।সীমান্তের জনজিবনে স্বস্তি ফিরে এসেছে।
এ নিয়ে কথা হয়,একটি জাতীয় দৈনিকের মধ্যনগর উপজেলা প্রতিনিধি আশরাফ উদ্দিন হিল্লোলের সাথে। তিনি বলেন, মধ্যনগর সীমান্তে চোরাকারবার বন্ধে প্রথম কঠোর অবস্থান নেন মধ্যনগরের ইউএনও উজ্জ্বল রায়। তখন শুধু আমরা ছিলাম তাঁর পাশে।
নবাগত ওসি মনিবুর রহমানও চোরাকারবার, মাদক নির্মূলে একমত হওয়ায় মধ্যনগর সীমান্তে চোরাকারবার বন্ধ রয়েছে। এতে সীমান্ত এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটেছে।
উপজেলার সীমান্তবর্তী একটি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, আমাদের কোমলমতি শিক্ষার্থীদের চোরাইপণ্যের পরিবহনে ব্যবহার করতো চোরাকারবারী সিন্ডিকেট। চোরাকারবার বন্ধ হওয়ায় এ থেকে পরিত্রান পেয়েছে এ এলাকার কোমলমতি শিশু কিশোর শিক্ষার্থী।
উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ আলী হোসেন বলেন, আমাদের মধ্যনগর সীমান্তে বেশ কিছুদিন ধরে চোরাকারবার বন্ধই রয়েছে। যতদূর জানি, মধ্যনগরের ইউএনও মহোদয় ও নবাগত ওসি সাহেবের মাদক,চোরাচালানের বিরুদ্ধে অবস্থান গ্রহন করায় এটা সম্ভব হয়েছে। আশাকরবো, তাঁরা ভবিষ্যতেও এসব বিষয়ে কঠোর অবস্থান থেকে নড়বেন না। এতে সীমান্তের দূইটি ইউনিয়নসহ গোটা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল থাকবে।
মধ্যনগর ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিবুর রহমান বলেন, পুলিশ জনগণের সেবক, জনগণের জানমাল নিরাপত্তা দেওয়া আমাদের প্রথম কাজ। সাংবাদিক ও সুশীল সমাজের কাছে আমার আহবান সকলেই আমাকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করুন। মাদকের বিষয়ে জিরো টলারেন্স এবং অবৈধ কারবারিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করার নিমিত্তে নিয়মিত অভিযান অব্যাহত আছে।
মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় বলেন,উপজেলা প্রশাসন ও মধ্যনগর থানা পুলিশ মধ্যনগরে চোরাচালান ও মাদক নির্মূলে 'জিরো টলারেন্স' নীতি গ্রহন করেছি। বিভিন্ন ইউনিয়নে মাদক সংশ্লিষ্ট অপরাধ দমনে বিশেষ ব্যবস্থা গ্রহন করা হয়েছে। নদীর পাড়কেটে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান চলছে। থানায় নতুন অফিসার ইন-চার্জ যোগদানের পরেই আমরা যৌথ সিদ্ধান্ত নিয়ছি, মধ্যনগরকে পরিবর্তন করতে চাই।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা